ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টকে অব্যাহতি দিলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৯
বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টকে অব্যাহতি দিলো বিসিবি
ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের পদ থেকে চার্লস ল্যাঙ্গেভেল্টকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ছেড়ে দেয়ার ব্যাপারটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, তাকে অব্যাহতি দেয়ার ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে একটি আবেদন পাই। আমরা মনে করি ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের দারুণ একটি সম্পর্ক রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার ও সে তার জাতীয় দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে, এ ব্যাপারটি আমরা বিবেচনায় নিয়েছি। বোর্ড তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইংল্যান্ড বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের আগের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ অধ্যায়। এরপর জুলাইয়ে টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন সাবেক প্রোটিয়া ক্রিকেটার চার্লস ল্যাঙ্গেভেল্ট। চুক্তি দুই বছরের জন্য থাকলেও ৫ মাস হতে না হতেই চলে যাচ্ছেন তিনি।

Advertisement

বর্তমানে ছুটিতে দক্ষিণ আফ্রিকায় আছেন ল্যাঙ্গেভেল্ট। সেখান থেকেই ই-মেইল বার্তায় বিসিবির কাছে অব্যাহতি চান তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে কাজের সুযোগ পেয়েই টাইগারদের দায়িত্ব ছাড়লেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেন, ল্যাঙ্গেভেল্ট বলেছেন দক্ষিণ আফ্রিকার সিনিয়র দল থেকে তিনি ডাক পেয়েছেন, তাই তিনি বিসিবিকে তাকে অব্যাহতি দিতে অনুরোধ জানিয়েছেন। আর আমরাও তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

গত ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে টাইগারদের সঙ্গে বোলিং কোচ হিসেবে কাজ করা শুরু করেন ল্যাঙ্গেভেল্ট।

২০১৫ বিশ্বকাপের পরে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হয়েছিলেন ল্যাঙ্গেভেল্ট। পরে ২০১৭ সালে দলের প্রধান কোচ হন ওটিস গিবসন। চাকরি হারান ল্যাঙ্গেভেল্ট। পরে আফগানিস্তানের বোলিং কোচও হয়েছিলেন তিনি। তবে আবারো নিজ দেশের বোলিং কোচ হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!