ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিনা টিকিটে ভ্রমণ, ধরা খেলেন ট্রেন পরিচালক নিজেই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১৭ অক্টোবর ২০১৯
বিনা টিকিটে ভ্রমণ, ধরা খেলেন ট্রেন পরিচালক নিজেই
ফাইল ছবি

বিনা টিকিটে ভ্রমণ করায় রেলওয়ের পাকশী বিভাগের ট্রেন পরিচালক (গার্ড) রুবেল আলীকে জরিমানা করা হয়েছে। ঘটনার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে রাজশাহীগামী ৭১৫ নং (আপ) আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেসের গার্ড ছিলেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের ২ নং প্লাটফরমে এ ঘটনা ঘটে। তাকে জরিমানাসহ টিকিট কাটতে বাধ্য করেন রেলের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে ট্রেন যাত্রীদের জন্য ধূমপান, হকার, হিজরা ও ভিক্ষুকমুক্ত রেলসেবা যাত্রীদের কাছে পৌঁছে দেয়ার জন্য বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন রেলওয়ের পাকশী বিভাগের ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের গার্ড রুবেল আলী কোনো পাস বা টিকিট দেখাতে না পারায় তার কাছ থেকে ঈশ্বরদী থেকে রাজশাহী পর্যন্ত ভাড়াসহ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) আহসান উল্লাহ ভূইয়া জানান, যে কোনো রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ট্রেনে উঠলে পাস অথবা টিকিট থাকতে হবে। বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ।

তিনি আরো জানান, ওই ট্রেনের পরিচালক (গার্ড) পাস কিংবা টিকিট কোনটাই দেখাতে পারেনি। তাই জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।

বুধবার ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার অপরাধে জরিমানা করা হয় ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!