ফেনীতে ফেনসিডিল-ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক
ফেনী শহরে ৪১ বোতল ফেনসিডিল ও ৪০০ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে শহরের একাডেমি রোড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনার আমতলীর পশ্চিম চিলেকাস্তেপুর গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মনির হোসেন সুমন, নোয়াখালীর সেনবাগের উত্তর অলিউল্লাহ গ্রামের জয়নাল হকের ছেলে মো. নুর উদ্দিন মিন্টু আপেল।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. নুরুজ্জামান জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী একাডেমি রোডের করিম সিএনজি ফিলিং স্টেশনের সামনের সড়কে মাদকদ্রব্য কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি টহল দল। র্যাবের অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীর দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক র্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০০ ইয়াবা ও সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য দুই লাখ ৩৩ হাজার টাকা।
তিনি আরো জানান, আটক দুই ব্যবসায়ী ও উদ্ধার করা মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।