জমির বিরোধে প্রধান শিক্ষক খুন
পাবনার আটঘরিয়ায় জমির বিরোধে এক প্রধান শিক্ষক খুন হয়েছেন। শনিবার সকাল সাতটায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী একদন্ত ইউপির মহেষপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে ছিলেন। তিনি ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন।
আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, শিক্ষক আশরাফ আলী ফজরের নামাজ শেষে মাঠে গিয়ে দেখেন তার জমিতে প্রতিপক্ষের লোকজন চাষ করছে। মামলা চলমান থাকায় তিনি প্রতিপক্ষকে জমিতে চাষ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ তাকে মারধর করে। পরে তার মরদেহ জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে শিক্ষক খুন হওয়ায় জেলার প্রাথমিক শিক্ষকরা শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষক নেতা আবু সাঈদ জানান, আশরাফ আলী একজন হাসিখুশি মানুষ ছিলেন। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আটঘটিয়া শাখার সেক্রেটারি ও পাবনা জেলা শাখার নেতা ছিলেন। তার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।