গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়ায় গৃহবধূ সাহিদা আলম সুমনার রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বললেও সুমনার পরিবারের দাবি হত্যা করা হয়েছে তাকে।
শুক্রবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান সাহিদা আলম সুমনার ভাবি তাপসিয়া ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালে পূর্ব মিয়াপাড়ার ইদ্রিস সরদারের ছেলে করিম সরদার সজীবের সঙ্গে বিয়ে হয় সুমনার। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমনার উপর নির্যাতন চালাচ্ছিল সজীবের পরিবার। এ নিয়ে কয়েকবার মীমাংসাও হয়েছে।
.png)
তাপসিয়া ইসলাম বলেন, ২৮ এপ্রিল শ্বশুরবাড়ি থেকে জানানো হয় সুমনা আত্মহত্যা করেছে। আমরা গিয়ে দেখি সুমনার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। তারা এখনো পালিয়ে বেড়াচ্ছে। আমরা সুমনার হত্যাকারীদের শাস্তি চাই।
সংবাদ সম্মেলনে সাহিদা আলম সুমনার ভাই রাজিব মুন্সি, সজিব মুন্সি, খালা লিপি বেগম উপস্থিত ছিলেন।
জানতে চাইলে গোপালগঞ্জের এডিশনাল এসপি (সদর সার্কেল) মো. সানোয়ার হোসেন বলেন, আমরা উদ্যোগ নিয়ে জিডি করেছি, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।