জাবিতে সাংবাদিকের স্বাধীনতায় হস্তক্ষেপ, প্রতিবাদে ছাত্রশক্তির তীব্র নিন্দা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্য ও ‘ঢাকা স্ট্রিম’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল মুক্তালী নাবিলকে হুমকি প্রদান, প্রকাশিত সংবাদ সরিয়ে নেওয়ার চাপ সৃষ্টি এবং ট্যাগিং করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’, জাবি শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তুর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংবাদ প্রকাশের জের ধরে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরীন ইসলাম খান সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেন, সংবাদ প্রত্যাহারে চাপ প্রয়োগ করেন এবং ট্যাগিংয়ের অপচেষ্টা চালান।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কোনো শিক্ষক, কর্মকর্তা, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি কিংবা ক্ষমতাতো কোনো পক্ষেরই সাংবাদিকদের কণ্ঠরোধ করার অধিকার নেই। প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে তথ্য-প্রমাণসহ প্রতিবাদ জানানো, বক্তব্য দেওয়া কিংবা আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। তবে সংবাদ পছন্দ না হওয়ায় সাংবাদিককে হুমকি দেওয়া বা গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহির যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে পুরনো নিয়ন্ত্রণ বা ভয়ভীতির সংস্কৃতি কোনোভাবেই ফিরিয়ে আনতে দেওয়া হবে না। ক্ষমতার প্রভাব খাটিয়ে সাংবাদিকদের কাজের পথ রুদ্ধ করার চেষ্টা করা হলে জাতীয় ছাত্রশক্তি তার বিরুদ্ধে সোচ্চার থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে সংগঠনটি অধ্যাপক ড. নাহরীন ইসলাম খানকে ঘিরে ওঠা অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ভয়-ভীতিহীন পরিবেশে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দেওয়ার জোর দাবি জানানো হয়।