ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ককটেল ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

Advertisement

সম্প্রতি রাজধানীতে এক প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।

তার এই মন্তব্যের বিষয় তুলে ধরে সাংবাদিকরা যুগ্ম কমিশনারের কাছে জানতে চান, সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটছে, সেগুলো কি শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরাই করছে, নাকি অন্য কেউ জড়িত আছে? এ বিষয়ে তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি এই বক্তব্যটা কেন দিয়েছে। আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

তাহলে কি নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবে।’

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!