ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কলেজছাত্র হত্যার দায় স্বীকার করে জবানবন্দি
সিরাজঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউপির নরিনা নতুনপাড়া হানিফনগর গ্রামের কলেজছাত্র আশরাফুল ইসলামকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ইউসুফ আলী মোল্লা।
রোববার দুপুরে এ জবানবন্দি দেয়া হয়। ইউসুফ আলী মোল্লা একই গ্রামের আবু তালেব মোল্লার ছেলে। পুলিশ তাকে শনিবার রাত ১০টার দিকে নিজবাড়ি থেকে সন্দেহজনকভাবে আটক করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, ইউসুফ আলী মোল্লাকে রোববার দুপুর ১২টার দিকে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু শাহীন খান কনকের আদালতে হাজির করা হয়। এরপর বিজ্ঞ বিচারক তার খাস কামড়ায় দীর্ঘ ২ ঘণ্টাব্যাপী ইউসুফের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহজাদপুর আদালতের সিএসআই মো. ফজলে বারি জানান, আদালতের নির্দেশে বিকেল ৪টার দিকে তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়।
এদিকে এ ঘটনায় শনিবার রাতে নিহতের বাবা আজাদ আলী প্রামাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
গত শুক্রবার রাতে বন্ধুরা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বসরোধে হত্যার পর লাশ বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাষকলাইয়ের ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
নিহত আশরাফুল ইসলাম সাতবাড়িয়া আব্দুস সামাদ আজাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ হত্যার ঘটনায় নিহতের মা কোহিনূর বেগম ও চাচাতো ভাই আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার সন্ধ্যায় আশরাফুল বাড়িতে কাজ করছিল। এ সময় তার মোবাইল ফোনে কল আসে। এরপর সে খেয়াঘাট বটতলা থেকে ঘুরে আসি বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার এলাকাবাসীর মুখে খবর পেয়ে তারা ছুটে এসে আশরাফুলের লাশ মাষকলাইয়ের ক্ষেতে পড়ে থাকতে দেখতে পায়। প্রাথমিকভাবে তারা ধরণা করে তার বন্ধুরা মোবাইলফোনে তাকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ ওই ক্ষেতে ফেলে পালিয়ে গেছে।
একাধিক ব্যক্তি জানায়, নিহতের পাশের বাড়ির মৃত আবু তালেবের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ও ইউসুফের ছোটবোন পাখির সাথে কলেজ ছাত্র আশরাফুলের প্রেম সম্পর্ক ছিল। এছাড়া গত কয়েকদিন আগে একটি জমি থেকে মাটিকাটার সময় আশরাফুল ইউসুফকে বাধা দিয়ে দু‘জনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এ ঘটনায় ইউসুফ ক্ষুব্ধ হয়ে বন্ধুদের নিয়ে তাকে পরিকল্পিতভাবে খুন করে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম আরো জানান, ইউসুফ আলী মোল্লা এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতকে বলেন, প্রেম ঘটিত ও জমির মাটিকাটা নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে নেশাদ্রব্য সেবন করিয়ে আশরাফুলকে অচেতন করে জিআই তার দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘটনাস্থলে ফেলে সে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ইউসুফের বক্তব্য তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া সে আরো যাদের নাম বলেছে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।