হতাশ করেছে ‘সাহো’, সঙ্গে উঠেছে নকলের অভিযোগ
দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের ট্রেলার দেখিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল বহুল প্রতীক্ষিত ছবি ‘সাহো’। প্রভাসের সঙ্গে শ্রদ্ধা কাপুরের রসায়ন ছবিটিতে ভিন্ন মাত্রা দেয়ার আভাসও পাওয়া গিয়েছিল। কিন্তু শুক্রবার ছবিটি মুক্তির পর দর্শকদের মন্তব্যে শুধু হতাশাই প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে ছবিটি নকলের অভিযোগও উঠেছে।
ছবিটির দৃশ্য নকলের অভিযোগ করেছেন অভিনেত্রী লিসা রয়। শিল্পী সিলো শিব সুলেমানের আঁকা একটি ছবি এই সিনেমার গানে বিনানুমতিতে ব্যবহৃত হয়েছে। ছবিটি আগে ‘বেবি ওয়ান্ট ইউ টেল মি’ গানে ব্যবহার করা হয়েছিল।
লিসা ‘সাহো’র পোস্টার শেয়ার করে প্রশ্ন তোলেন, এই ধরনের কাজ আর কতোদিন ধরে চলবে? এবার ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করার সময় এসেছে। একটি বড় বাজেটের সিনেমার প্রযোজক সংস্থা কীভাবে অন্য একটি কাজ থেকে ছবি টুকে দেয়ার মতো কাজ করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন লিসা। শুধু তাই নয়, সিলোর কাজ থেকে ছবি নেয়ার সময় ‘সাহো’র নির্মাতারা একবারের জন্যও তার সঙ্গে যোগাযোগ করেননি।
.png)
এদিকে, ছবিটি নিয়ে বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ এক কথায় মন্তব্য করেছেন, অসহ্য। তিনি একে রেটিং দিয়েছেন ১/২। ছবিটিকে মেধা, বড় অংকের অর্থলগ্নি ও সম্ভাবনার ‘বিশাল অপচয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
সমালোচক শুভ্রা গুপ্তা ‘সাহো’কে দিয়েছেন এক দশমিক পাঁচ স্টার। তার মতে, একটি থ্রিলার ছবির জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে ‘সাহো’তে। আছে শ্বাসরুদ্ধকর ও চমৎকার কিছু দৃশ্য। তবে ছবিটিকে একটা ‘স্যাঁতসেঁতে পটকা বাজি’র সঙ্গে তুলনা করেছেন তিনি।
জানা গেছে, ৩৫০ কোটি টাকা বাজেটের ‘সাহো’র প্রচারও হয়েছিল জোরদার। কিন্তু মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে প্রথমদিনের রোজগার মাত্র ২৪ কোটি টাকা।
ডেইলি বাংলাদেশ/এনএ