স্পেনে করোনায় মৃতদের স্মরণে ১০ দিনের রাষ্ট্রীয় শোক
স্পেনে করোনাভাইরাস মহামারিতে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের বিশেষ শোক ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার থেকে শুরু হওয়া দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে ৫ জুন পর্যন্ত ।
সম্প্রতি দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র মারিয়া জেসুস এ তথ্য জানান।
তিনি বলেন, এই ১০ দিন দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।
.png)
ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ১১৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন। তবে এই ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে স্পেন। দেশটিতে গতকাল বুধবার করোনায় মৃত্যু হয়েছে কেবল একজনের।
আক্রান্ত ও মৃত্যুর হার কমতে থাকায় স্পেনে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এরইমধ্যে স্পেনে লকডাউনে শিথিলতা আনা হয়েছে। আগামী ৭ জুন থেকে তুলে নেয়া হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। চালু হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফ্লাইট। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও খুলে দেয়া হয়েছে কলকারখানা, বাণিজ্যিক বিভিন্ন সেক্টর এবং গণপরিবহন। সেইসঙ্গে পর্যটনের হাল ফিরিয়ে আনতে পরিকল্পনা শুরু করেছে স্পেন সরকার।