সপ্তাহে তিনটি একক নাটক প্রচার করবে বাংলাভিশন
বেসকারি টেলিভিশন বাংলাভিশন বরাবরই ভিন্নধর্মী অনুষ্ঠান প্রচার করে আসছে। এই চ্যানেলে প্রচারিত নাটকগুলোও সবসময় জনপ্রিয়তার শীর্ষে থাকে। এবার চ্যানেলটি নাটক প্রচারের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো প্রতি সপ্তাহে তিনটি একক নাটক প্রচারের পরিকল্পনা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। নাটকগুলোতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় অভিনয় শিল্পীরা।
এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, বৈচিত্রপূর্ণ গল্পে, দর্শক নন্দিত নির্মাতা ও নাট্যকারের নাটক এই চাঙ্কে প্রচার করার পরিকল্পনা করেছি। রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ০৫মিনিটে এবং শনিবার রাত ১১টা ১৫মিনিটে প্রচারিত হবে একক নাটকগুলো।
তিনি বলেন, এই নাটকগুলোতে অভিনয় করবেন দর্শকের পছন্দের হালের জনপ্রিয় অভিনয়শিল্পীগণ। নাটকগুলো পরিচালনা করবেন সাগর জাহান, মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি, কাজল আরেফিন অমি, ইমরাউল রাফাত, আশফাক নিপূন, আবু হায়াত মাহমুদ, তাইফুর জাহান আশিক, ইশতিয়াক আহমেদ রুমেল, মানসুর আলম নির্ঝরসহ বর্তমান সময়ে দর্শকের পছন্দের জনপ্রিয় নির্মাতাগণ। ঈদের পর একটা পরিবর্তন হিসেবে এটির পরিকল্পনা করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।
.png)
রোববার রাত ৯টা ০৫মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘আশা বেঁধে রাখি’। অপূর্ণ রুবেল-এর রচনা ও তাইফুর জাহান আশিক-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পায়েল প্রমুখ। সোমবার রাত ৯টা ০৫মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘ইন্টারভিউ’। অঞ্জন সরকার জিমি’র রচনা ও মানসুর আলম নির্ঝর-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এনএ