ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সোমেশ্বরী নদীতে দুই বোনের সলিল সমাধি

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২০
সোমেশ্বরী নদীতে দুই বোনের সলিল সমাধি
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে ডুবে মদিনা (৬) ও মিশা মনি (৫) নামে দুই মামাতো-ফুফাতো বোনের মৃত্যু হয়েছে। 

বুধবার রাতে মাছ ধরার জাল দিয়ে নদী থেকে এলাকাবাসী ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

মদিনা ছোট বালিজুড়ি গ্রামের ময়নাল মিয়া ও মিশা মনি রাঙ্গাজান এলাকার মিনারুল ইসলামের মেয়ে। ওই দুই শিশু বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। 

এ ঘটনায় শেরপুরের এএসপি (প্রশাসন) বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
স্থানীয়রা জানায়, শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউপির সীমান্তবর্তী বালিজুড়ি গ্রামের মদিনা ও মিশা মনি মামাতো-ফুফাতো বোন। বুধবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটি হলে তারা আর বাড়িতে যায়নি। অনেক খুঁজাখুজি করে তাদেরকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। 

ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুজি শুরু হয়। একপর্যায়ে সোমেশ্বরী নদীর একপাশে তাদের স্যান্ডেল ভাসতে দেখে। পরে রাতে মাছ ধরার জাল দিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেরপুর জেলা এডিএম এর অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই ওই দুই শিশুর মরদেহ দাফন করা হয়েছে। এ নিয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!