ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বিউটি সাপ্লিমেন্ট খাচ্ছেন? জেনে রাখুন ৫টি জরুরি তথ্য

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২০
বিউটি সাপ্লিমেন্ট খাচ্ছেন? জেনে রাখুন ৫টি জরুরি তথ্য
ছবি: সংগৃহীত

সুন্দর থাকতে অনেকেই বিভিন্ন ধরনের বিউটি সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। আর যেগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায়। চটজলদি মসৃণ ত্বক, বলিরেখাহীন মুখ, ঝলমলে চুল পেতে বিউটি সাপ্লিমেন্টের উপর ভরসা রাখেন অনেকেই।

তবে এসব সাপ্লিমেন্ট অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়। যদিও অধিকাংশ বিউটি সাপ্লিমেন্ট পার্শ্বপ্রতিক্রিয়াহীন। তারপরও নির্বিচারে খেতে শুরু করার আগে অবশ্যই কিছু জরুরি তথ্য জেনে রাখা প্রয়োজন। চলুন জেনে নেয়া যাক সেগুলো-  

ডাক্তারের সঙ্গে কথা বলুন
 অধিকাংশ বিউটি সাপ্লিমেন্টের গায়ে ন্যাচারাল বা হার্বাল শব্দটি লেখা থাকে। এর মানেই যে তা সম্পূর্ণ নিরাপদ, তা নয়। হার্বাল বা ভেষজ উপাদান দিয়ে তৈরি সাপ্লিমেন্টও অন্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই নতুন কোনো বিউটি সাপ্লিমেন্ট খেতে শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন। গর্ভবতী মহিলা ও যারা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, তাদের এ ব্যাপারে বিশেষ সতর্ক হতে হবে।

অন্য কোনো ওষুধ খেলে সতর্ক হোন
নিয়মিত কোনো ওষুধ খাওয়ার অভ্যেস থাকলে, বিউটি সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন। সেই ওষুধের সঙ্গে সাপ্লিমেন্টটির কোনো বিক্রিয়া হওয়ার আশঙ্কা আছে কিনা, তা একমাত্র চিকিৎসকই আপনাকে বলতে পারবেন। তাছাড়া বিউটি সাপ্লিমেন্টের নির্ধারিত ডোজ আপনার পক্ষে কতটা নিরাপদ, তা জানতেও চিকিৎসকই ভরসা।

রিসার্চ করে দেখে নিন
আন্দাজের উপর ভরসা করে থাকবেন না। হাতের কাছে যখন ইন্টারনেট আছে, তখন তার ব্যবহার করুণ। বিউটি সাপ্লিমেন্টটির ব্যাপারে সার্চ দিয়ে সমস্ত তথ্য জেনে নিন।অন্য কেউ ওই সাপ্লিমেন্ট খেয়ে ফল পেয়েছেন বলে আপনিও পাবেন, তা মোটেও ভাববেন না। অনলাইনে পড়াশোনা করুন, রিভিউ পড়ুন, পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ভালো করে জানুন, তারপর সিদ্ধান্ত নিন।

ভালো গুণমানের প্রডাক্ট কিনুন
নানা ব্র্যান্ডের অজস্র বিউটি সাপ্লিমেন্ট দোকানে পাওয়া যায়। তার সবকটিই যে সমান কার্যকরী, তা নয়। কাজেই কোনো কিছু কেনার আগে নিশ্চিত হয়েই সেরা প্রডাক্টটিই কিনুন। নিজে রিসার্চ করুন, চিকিৎসক বা ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। তারপর বিউটি সাপ্লিমেন্টে বিনিয়োগ করুন।

রাতারাতি ফলের আশা করবেন না
সাপ্লিমেন্টের কাছ থেকে চটজলদি ফল আশা করেন, তা হলে নিরাশ হতে হবে। ধৈর্য ধরুন, নিয়মিত ঠিক সময়ে সাপ্লিমেন্ট খান, নিজেই বুঝবেন ফল পাচ্ছেন কিনা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!