বাংলাদেশ ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহ-সভাপতি নির্বাচিত
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার রাতে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে নির্বাহী পরিষদের ২০৮তম সভায় ইউনেসকোর নির্বাহী পরিষদের ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে ইউনেসকো নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
নির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে আগামী দুই বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। উল্লেখ্য, ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য বাংলাদেশ।
.png)
ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সাথে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ হতে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিসর সহ-সভাপতি নির্বাচিত হয়।