প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে যা বললেন নিক-প্রিয়াঙ্কা
কখনো স্বামীর জন্য ভালোবাসা উজার করে দিয়েছেন, কখনো দুষ্টু-মিষ্টি প্রেম উঠে এসেছে। এভাবেই একবছর একসঙ্গে কাটিয়ে ফেললেন মার্কিন গায়ক নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর নিজেদের প্রথম বিবাহবার্ষিকীকে বিয়ের অদেখা একগুচ্ছ ছবি পোস্ট করে পরস্পরকে শুভেচ্ছা জানান তারা।
গত এক বছরের বৈবাহিক সফরটা ঠিক কেমন ছিল, এই বিশেষ দিনে তাই জানালেন প্রিয়াঙ্কা। বেটারহাফের সঙ্গে কাটানো মিষ্টি-মধুর সময়ের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন এ অভিনেত্রী। সঙ্গে স্বামীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আমার প্রতিজ্ঞা। তখন-আজ-চিরকাল। তুমি আমার জীবনে আনন্দ, আশীর্বাদ, উত্তেজনা থেকে প্যাশন- সব এনে দিয়েছ। আমাকে খুঁজে নেয়ার জন্য ধন্যবাদ। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। ভালবাসা ও শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ। খুব ভাল লাগছে।
অপরদিকে খ্রিস্টান মতে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করলেন আবেগঘন নিক। তিনি লেখেন, ঠিক একবছর আগে একে-অপরকে চিরন্তর বলেছিলাম। চিরন্তরও যেন যথেষ্ট নয়। অন্তর থেকে শুভেচ্ছা জানাই।
.png)
গত বছরের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে এলাহী আয়োজন হয়েছিল। খ্রিস্টান ও হিন্দু মতে পরপর দু’দিন বিয়ের বাঁধনে বেঁধেছিলেন নিক-প্রিয়াঙ্কা। তারপর কখনো স্বামীর সঙ্গে প্রি চপসের দিন কেটেছে নিউ ইয়র্কে তো কখনো শুটিং ও ছবির প্রচারে তিনি ভারতে এসেছেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই আবার স্বামী নিককে ডিভোর্সের হুমকি দিয়েছিলেন প্রিয়াঙ্কা। স্ত্রী কার সঙ্গে পার্টি করবেন, কতক্ষণ পার্টি করবেন এই নিয়ে নাকি তাদের মধ্যে বেশিরভাগ সময়ই ঝগড়া হয়।
অন্যদিকে নিকও নাকি খুব বদমেজাজী। সব মিলিয়ে নাজেহাল প্রিয়াঙ্কা। আর তাই নিককে হুমকি দিয়েছিলেন নিক তার অভ্যাস পরিবর্তন না করলে তাকে ছেড়ে চলে যাবেন। তবে তাদের সম্পর্ক অনেকটা ইঁদুর-বেড়ালের মতো। এই ঝগড়া তো এই প্রেম। তাই সেসব বিষয়কে মনের কোণে কখনোই স্থায়ী হতে দেননি তারা। বরং ভালবাসার চাদরেই মুড়িয়ে রেখেছেন নিজেদের।