পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়ি হত্যা, পুত্রবধূসহ চারজনের মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরে পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউপির ২ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের স্ত্রী শারমিন আক্তার, কালিবৃত্তি গ্রামের তরিক উল্যার ছেলে মো. জামাল, মো. নাজিম ও আন্দার মানিক গ্রামের মো. হোসেনের ছেলে জসিম উদ্দিন।
.png)
মৃত জাকেরা বেগম তেওয়ারীগঞ্জ ইউপির ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। জাকেরার ছোট ছেলে আবুল বাশার ঢাকায় ইলেকট্রিকের কাজ করেন।
পিপি মো. জসিম উদ্দিন জানান, বাশারের অনুপস্থিতে জামালের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন স্ত্রী শারমিন। বিষয়টি জানতে পেরে পুত্রবধূকে পরকীয়ায় সম্পর্কটি বিচ্ছিন্ন করতে বলেন জাকেরা। এতে তাদের দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
পিপি জসিম আরো জানান, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে বাড়ির কলাপসিবল গেট খুলে শারমিন অপর আসামিদের নিজের কক্ষে নিয়ে যান। তাদের কথা শুনে ঘুম থেকে উঠে শারমিনের কক্ষে গেলে জাকেরা আসামিদের দেখতে পান। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে জাকেরাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন নিহতের দেবর খোরশেদ আলম চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ওই দিনই আসামি জসিম উদ্দিনকে নতুন তেওয়ারীগঞ্জ গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে আসামিরা জামিন নিয়ে পলাতক।