দক্ষিণ আফ্রিকা দলে ফিরছেন ডি ভিলিয়ার্স!
চলমান সংকটের অবসানের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে মার্ক বাউচারকে। এবার গুঞ্জন উঠেছে, অবসর ভেঙ্গে দলে ফিরতে পারেন এবি ডি ভিলিয়ার্স।
সম্প্রতি কোচের আসনে এসেই জাতীয় দলকে বিদায় জানানো এবি ডি ভিলিয়ার্সকে দলে ফেরানোর ইঙ্গিত দেন মার্ক বাউচার। এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, ‘একজন কোচ হিসেবে অবশ্যই চাইব সেরা তারকারা থাকুক দলে। আপনি যদি রাগবির দিকে তাকান, যেভাবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হলো, বিশ্বের অন্যান্য দেশে খেলে বেড়ানো খেলোয়াড়রা যে অভিজ্ঞতাটা দিয়েছে দলে তা অমূল্য। একজন কোচ হিসেবে আমিও দলের গভীরতা বৃদ্ধিতে এই সুযোগটা নিতে চাই। এটা দলের সবাইকে নিজের অবস্থানের ব্যাপারে আরও সচেতন হওয়া শেখাবে।’
ডি ভিলিয়ার্সের প্রতি ইঙ্গিত করে বাউচার বলেন, ‘আপনি যখন বিশ্বকাপ খেলতে যান, তখন চাইবেন যেনো সেরা খেলোয়াড়রা আপনার দলে খেলে। আমার যদি মনে হয় সে (ডি ভিলিয়ার্স) আমার দলের অন্যতম সেরা খেলোয়াড়, তাহলে কেনো তার সঙ্গে কথা বলব না? আমি মাত্রই দায়িত্বটা পেয়েছি। বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গেই কথা বলব, দেখব তাদের কী অবস্থা।’
.png)
বাউচারের কথায় ডি ভিলিয়ার্সকে ফেরানোর ইচ্ছেটা মোটামুটি স্পষ্ট। তাই ভবিষ্যতে তাকে ফের জাতীয় দলের জার্সি গায়ে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।