ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ত্রাণের জন্য ধনী দেশ সুইজারল্যান্ডেও দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪, ১০ মে ২০২০
ত্রাণের জন্য ধনী দেশ সুইজারল্যান্ডেও দীর্ঘ লাইন
সুইজারল্যান্ডেও ত্রাণের জন্য দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত

ভোর ৫টা। বিশ্বের অন্যতম ধনী দেশ সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ত্রাণ দেয়া শুরু হলো। অল্প কিছুক্ষণের মধ্যেই এ লাইন এক কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে ঠেকে। লাইনে দাঁড়ানো এসব মানুষ দরিদ্র শ্রেণির ও অভিবাসী।

বর্তমানে সুইজার‌ল্যান্ডে এই দৃশ্য প্রতিদিনই দেখা যায়। এসব লাইনে যারা দাঁড়িয়েছেন, তাদের বেশিরভাগই কম শিক্ষিত বা যারা চাকরি হারানোর পর নতুন কাজ খুঁজে পাচ্ছেন না।

নিকারাগুয়া থেকে এসে এখন জেনেভায় খণ্ডকালীন চাকরি করেন ইনগ্রিদ বেরালা। তিনিও প্রতি সপ্তাহে ত্রান নিতে আসেন। ইনগ্রিদ বলেন, ‘মাসের শেষ, আমার পকেট শূন্য। আমাদেরকে বিল দিতে হবে, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামসহ সব দিতে হবে। এখানে এসেছি, কারণ এক সপ্তাহের জন্য খাবার পাওয়া গেল। এর পরের সপ্তাহে কী হবে জানি না।’

দাতব্য সংস্থা কারিতাসের হিসাব অনুযায়ী, ২০১৮ সালে সুইজারল্যান্ডের ৮৬ লাখ বাসিন্দার মধ্যে ৬ লাখ ৬০ হাজার দরিদ্র ছিল। দাতব্য সংস্থা জেনেভা সলিডিটারি ক্যারাভানের প্রধান সিলভানা মাত্রোমাত্তিও বলেন, ‘কোভিড-১৯ সবকিছু সামনে নিয়ে এসেছে। এটা ভালো, কারণ আমরা এই শ্রমিকদের সহায়তার জন্য পদক্ষেপ নিতে সক্ষম হব। কারণ সব কিছুর ওপর তারা শ্রমিক।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!