চৌগাছায় প্রথম শনাক্ত কিশোরের নানা নানির করোনা পজিটিভ
যশোরের চৌগাছায় প্রথম শনাক্ত হওয়া স্কুল ছাত্র কিশোরের (১৩) নানা ও নানি করোনা পজিটিভ হয়েছেন। তারা শহরের ৮ নম্বর ওয়ার্ডের মডেল প্রাইমারি স্কুল পাড়ায় একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় ওই কিশোরের সঙ্গেই ভাড়া বাসায় অবস্থান করেন।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২২ এপ্রিল ওই কিশোরের করোনা শনাক্ত হওয়ায় তাদের বাড়িটি লকডাউন করা হয়। পরে ২৬ এপ্রিল ওই কিশোরকে চিকিৎসা দেয়া চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার করোনা পজিটিভ হন। শনিবার ওই কিশোরের পরিবারের সবার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে রোববারের পরীক্ষায় ওই কিশোরের নানা একটি কোম্পানির মেডিকেল রিপ্রজেন্টেটিভ ও গৃহিনী নানি করোনা পজিটিভ হয়েছেন।
.png)
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, প্রথম শনাক্ত হওয়া কিশোরের নানা ও নানি করোনা পজিটিভ হয়েছেন। ওই স্কুল ছাত্র করোনা শনাক্ত হওয়ার পর তাদের পরিবারকে লকডাউন করা হয়। কিন্তু করোনা উপসর্গ নেই দাবি করে তারা পারিবারিক লকডাউন অমান্য করার কারণেই তার নানা ও নানি করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, গত শনিবার ওই পরিবারের সদস্যদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসারসহ চৌগাছায় সাত জন করোনা রোগী শনাক্ত হলো।
এর আগে ২২ এপ্রিল চৌগাছার প্রথম রোগী হিসেবে এক নারী ও এক কিশোর শনাক্ত হন। এরপর ২৫ এপ্রিল শনাক্ত হয় এক গর্ভবতী নারী। ২৬ এপ্রিল শনাক্ত হন প্রথম দিন শনাক্ত নারীর স্বামী। প্রথমদিন শনাক্ত কিশোর স্কুলছাত্রকে চিকিৎসা দেয়া চৌগাছা উপজেলা হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার। সোমবার শনাক্ত হলেন ওই কিশোর স্কুলছাত্রের নানা ও নানি।
ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন জানান, পরিবারটি লকডাউন মানতেই চাচ্ছেন না। তারা আমার সঙ্গে পর্যন্ত চরম খারাপ ব্যবহার করছেন।