ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

কৃষকদের সহায়তা করবে গ্রীন ডেল্টা ও নগদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ৩০ এপ্রিল ২০২০
কৃষকদের সহায়তা করবে গ্রীন ডেল্টা ও নগদ
ফাইল ছবি

করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। 

বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে দুটি প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। ‘আমরা করব জয়’ নামের একটি প্ল্যাটফর্মের অধীনে এ কার্যক্রম পরিচালিত হবে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩ মে থেকে AmraKorboJoy.net এই ওয়েবসাইটের মাধ্যমে অনুদান গ্রহণ শুরু হবে। এ তহবিল সংগ্রহ ১৭ মে পর্যন্ত ১৫ দিনের জন্য অব্যাহত থাকবে। এই ওয়েবসাইটে ক্রেডিট এবং ডেবিট কার্ডের পাশাপাশি একাধিক এমএফএস প্ল্যাটফর্ম, যেমন নগদসহ একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ প্রদানের পদ্ধতি রয়েছে।

এতে আরো বলা হয়েছে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং এর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান ১ দিনের বেতনের সমপরিমাণ অনুদান এই প্ল্যাটফর্মে জমা দিয়েছে।

এছাড়া বর্তমানে তহবিল সংগ্রহের ওয়েবসাইটে কাজ করা ছাড়াও এই মহামারি দ্বারা আক্রান্ত কৃষকদের ডাটাবেস সংগ্রহের জন্য যৌথভাবে কাজ করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও নগদ। অনুদান সংগ্রহ শেষে এই অর্থ নগদের লেনদেনমূলক পরিষেবার মাধ্যমে ঈদুল ফিতরের আগেই কৃষকদের মাঝে প্রদান করা হবে।

এ বিষয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, জীবিকা নির্বাহের জন্য দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল। এরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। আমাদের জাতির ধারাবাহিক সমৃদ্ধি এবং খাদ্য সুরক্ষার জন্যই তাদের রক্ষা করতে হবে। 

তিনি আরো বলেন, এজন্যই আমরা অর্থ সংগ্রহের এই প্ল্যাটফর্ম চালু করছি। আমরা আশা করি আমাদের দেশ-বিদেশে থাকা দেশবাসীর সহায়তায় এই সংকট কাটিয়ে উঠতে পারব এবং একইসঙ্গে আমাদের কৃষকদের বাঁচতে সহায়তা করতে পারব।

অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোস্ট অফিসের ডিএফএস এবং নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক বলেন, আমরা একটি কৃষি নির্ভর দেশ। এই বৈশ্বিক সংকটের সময়ে দেশকে বাঁচাতে আমাদের বড় কর্তব্য হল কৃষকদের বাঁচানো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!