এক বছরের জন্য নিষিদ্ধ আকিলা ধনঞ্জয়
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে লঙ্কান অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়াকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
পুরো প্রক্রিয়া আইসিসির তত্ত্বাবধানে হয়েছে। পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় ১৮ সেপ্টেম্বর লঙ্কান বোর্ড এবং খেলোয়াড়কে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
চলতি বছরের নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার গল টেস্ট চলার সময় আকিলার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে রিপোর্ট করা হয়।
.png)
সেই রিপোর্টের ভিত্তিতে ২৫ বছর বয়সী এই স্পিনারকে আইসিসির অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউটে পাঠানো হয়। ডক্টর আদিত্য এবং নানাভেল ও তাদের দলের অধীনে পরীক্ষা দেন ধনঞ্জয়া।
জানা গেছে, সেই পরীক্ষায় বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। বোলিংয়ের সময় ধনঞ্জয়ার কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির মধ্যে নিয়মিত থাকছে না। ৪ থেকে ১৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এর মধ্যে দুটি ডেলিভারি ছিল ১৫ ডিগ্রির ওপরে।
ফলে ধনঞ্জয়াকে আগামী ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা দেয়া হয়। গত দুই বছরে দ্বিতীয়বারের মতো এমন নিষেধাজ্ঞা পেলেন তিনি।
২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো নিষিদ্ধ হন তিনি। এবারের নিষেধাজ্ঞা থাকবে ২০২০ সালের ২৯ আগস্ট পর্যন্ত।
ডেইলি বাংলাদেশ/সালি