ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
৭৬ দিন কারাভোগের পর মুক্তি পেলেন সিফাত, হাইকোর্টে জামিন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বিদ্যুৎ বিল নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আবদুল্লাহ অবশেষে কারামুক্ত হয়েছেন। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। দীর্ঘ ৭৬ দিন কারাভোগের পর তাঁর মুক্তির খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
সিফাতের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী নাসের আলী খান। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাত ৭টা ৫০ মিনিটে সিফাত কারাগার থেকে বের হন। পরে গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।
আইনজীবী নাসের আলী খানের দাবি, একটি মিথ্যা মামলায় সিফাতকে ৭৬ দিন কারাগারে থাকতে হয়েছে। তিনি আরও দাবি করেন, সিফাত ইনকিলাব মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় সদস্য।
মামলা ও কারাগার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে সিফাত আবদুল্লাহকে আটক করে পুলিশ। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারের পর জামিন পেতে দুই দফা নিম্ন আদালতের দ্বারস্থ হন সিফাত। তবে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তাঁর আইনজীবীরা।
শুনানি শেষে হাইকোর্ট সিফাতের জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার রাতে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এদিকে সিফাতের মুক্তির বিষয়ে বক্তব্য জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার হালিমা খাতুনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।