ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। এর মধ্যে খুলনা নগরীর বিভিন্ন বাস কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের বিভিন্ন কাউন্টারে এ ঘটনা ঘটে। কোথাও সাইনবোর্ডে কালি দিয়ে নাম মুছে ফেলা হয়, কোথাও ব্যানার-ফেস্টুন উল্টে দেওয়া হয়। আবার কোনো কাউন্টারে কালো কাপড় দিয়ে নাম ঢেকে রাখা হয়। এ সময় নেতাকর্মীরা ঘোষণা দেন, খুলনায় টুঙ্গিপাড়া নামের কোনো কাউন্টার থাকতে দেওয়া হবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে কাউন্টারগুলোতে প্রবেশ করেন। পরে সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া লেখা অংশ মুছে দেন। রয়্যাল মোড়ের একটি কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে নামটি ঢেকে দেওয়া হয়। এ সময় মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার একটি বাস কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদলের নেতাকর্মীরা।
এদিকে গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় বুধবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন পরিবহন মালিকরা। সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ রয়েছে। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়েনি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে রয়্যাল পরিবহনের একটি বাস আরিচা হয়ে ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বাসটির এক কর্মী জানান, যাত্রীদের প্রয়োজন বিবেচনায় ঝুঁকি নিয়েই বিকল্প পথে বাস চালানোর উদ্যোগ নিয়েছেন তারা। তবে গোপালগঞ্জে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কায় অধিকাংশ মালিক গাড়ি বের করতে চাইছেন না।
সোনাডাঙ্গা ফাল্গুনী পরিবহনের কাউন্টার ম্যানেজার আবিদ হাসান জানান, বুধবার সকালে তাদের দুটি বাস ছেড়ে গেলেও বিকেলের শিডিউলের বাসগুলো চলাচল করেনি। বৃহস্পতিবারের শিডিউল থাকলেও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার শহিদুল ইসলাম জানান, অবরোধের কারণে বৃহস্পতিবার তাদের সব বাস চলাচল বন্ধ থাকবে। কাউন্টারের সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া নাম মুছে ফেলা হয়েছে। মূল প্রতিষ্ঠান করিম মোটরসের নাম থাকলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম ঢেকে দেওয়া হয়েছে।
এদিকে আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা কাউন্টারে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাস চলাচল বন্ধের বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই।