ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে ভাঙচুর, আগুন
রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
কাফরুল থানার এএসআই শিলা আক্তার জানান, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে এসে ভাঙচুর ও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও শনাক্ত করা যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে ওই বাড়িতে আগুন লাগার কোনো খবর আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে এ বিষয়ে খবর এসেছিল। পরে গাড়ি বের হওয়ার পর আগুন নিভে যাওয়ার কথা জানানো হয়।
২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন কাজী মেজবাউল হক সাচ্চু।