বাংলাদেশের হামজা সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার
বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিনের পরিচিত মুখ জামাল ভূঁইয়া। বছরের পর বছর জাতীয় দলের নেতৃত্ব সামলেছেন, মাঝমাঠে দিয়েছেন অভিজ্ঞতার ছাপ। অধিনায়কের আর্মব্যান্ডও এখন তার হাতে নেই। তবে নেতৃত্বের জায়গা থেকে কাকে এগিয়ে রাখবেন, সে প্রশ্নে এবার কোনো দ্বিধা করলেন না জামাল। তার চোখে, বাংলাদেশের ফুটবলে সম্ভাব্য সর্বকালের সেরা খেলোয়াড় হামজা চৌধুরী।
শুধু মাঠের পারফরম্যান্স নয়, নেতৃত্বের যোগ্যতাতেও হামজাকে প্রশংসায় ভাসিয়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড ছিল হামজার হাতে। নেতৃত্ব পাওয়ার দিনটি গোল করেও স্মরণীয় করে রেখেছেন তিনি। তার পারফরম্যান্সে ভর করেই শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
হামজার অধিনায়কত্ব নিয়ে বৃহস্পতিবার জামাল বলেন, ‘হামজা এটা ডিজার্ভ করে। ও ভালো খেলেছে। আর হামজা সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। অবশ্যই সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুব খুশি।’
দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া জামালের মুখে এমন প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সতীর্থের সামর্থ্য ও নেতৃত্বের গুণাবলি সম্পর্কে তার এই মূল্যায়ন হামজার অবস্থানকেই যেন আরও স্পষ্ট করে তুলেছে। বাংলাদেশের ফুটবলে হামজার আগমন যে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে, জামালের কথাতেও তার প্রতিফলন।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে মাঠের পারফরম্যান্সেও সন্তুষ্ট জামাল। চার গোলের ব্যবধানে জয়, পাশাপাশি নিজেদের জাল অক্ষত রাখা- সব মিলিয়ে দলের জন্য দিনটি ছিল স্বস্তির। তবে গ্রুপ পর্বের সাফল্যে মেতে থাকার সময় নেই। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। জামালের মতে, শ্রীলঙ্কার চেয়ে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে সামনে।
জামাল বলেন, ‘ম্যাচ ভালো ছিল। আমরা চার গোল করেছি, এটা ভালো ব্যাপার। আবার ক্লিন শিটও রেখেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। কারণ আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’