এক ওভারে পাঁচ উইকেট ফিক্সিংয়ে অভিযুক্ত মিঠুনের
আইপিএলের সুবাদে অভিমন্যু মিঠুন নামটা বাংলাদেশের ক্রিকেট দর্শকদের কাছে পরিচিত নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলে আইপিএল ক্যারিয়ার শুরু করা মিঠুন এরপর খেলেছেন মুম্বাই ও হায়দ্রাবাদে। ক্যারিয়ারে বেশ বড় বড় ক্রিকেটারকেই সতীর্থ হিসেবে পেয়েছেন মিঠুন। এবার তিনি গড়লেন নতুন কীর্তি। এক ওভারে নিয়েছেন পাঁচ উইকেট। তবে এরপরও স্বস্তি নেই, কারণ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফিক্সিংয়ের।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল রেকর্ডই করেছেন মিঠুন। ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্নাটকের হয়ে শুক্রবার নতুন এই ইতিহাস গড়েন তিনি। সুরাটে শেষ চারের ম্যাচে ১৯ ওভার শেষে হরিয়ানার রান তখন তিন উইকেটে ১৯২। ২০০ পার হওয়াটা ছিল খুবই সম্ভব। কিন্তু তা হতে দেননি মিঠুন। প্রথম তিন বলে হ্যাটট্রিক পূর্ণ করে পরের বলেও নেন উইকেট।
এর মাধ্যমে তিনি স্পর্শ করেন লাসিথ মালিঙ্গাকে। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন শ্রীলংকান পেসার। পঞ্চম বলে একটি রান দেন মিঠুন। শেষ বলে আবার উইকেট। ২০ ওভার ক্রিকেটের সংস্করণে প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট নিলেন তিনি।
তবে এরপরও খুব স্বস্তিতে থাকার কথা না মিঠুনের। কেপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য এরই মধ্যে ডাকা হয়েছে পেসার অভিমন্যু মিঠুনকে। তাকে জিজ্ঞাসাবাদ করবে ভারতের কেন্দ্রীয় অপরাধবিষয়ক সংস্থা। এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়ে জানানো হয়নি, মিঠুন আদৌ ম্যাচ পাতিয়েছেন কি না।
মিঠুনকে জিজ্ঞাসাবাদ করার বিষয়টা নিশ্চিত করেছেন পুলিশের যুগ্ম কমিশনার সন্দ্বীপ পাতিল। তিনি বলেন, ‘হ্যাঁ, মিঠুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। সিসিবিতে (কেন্দ্রীয় অপরাধবিষয়ক সংস্থা) এসে বক্তব্য দিয়ে যাবে ও।’ সিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, মিঠুনের খেলা এক ম্যাচ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, ‘গত মৌসুমে মিঠুন কেপিএলে একটা ম্যাচ খেলেছিল। সে ম্যাচ আমাদের সন্দেহের তালিকায় আছে। সেসব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।’