ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

উইম্বলডন বাতিল হওয়ায় বড় ক্ষতিপূরণ পাচ্ছেন আয়োজকরা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ১২ এপ্রিল ২০২০
উইম্বলডন বাতিল হওয়ায় বড় ক্ষতিপূরণ পাচ্ছেন আয়োজকরা!
বিশ্ব টেনিসের অন্যতম আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উইম্বলডন -ফাইল ফটো

বিশ্ব টেনিসের অন্যতম আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উইম্বলডন। মরণঘাতী করোনাভাইরাসের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বাতিল হয়েছে এই প্রতিযোগিতা। আসর বাতিল হওয়ায় বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছেন আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (এইএলটিসি)।

মূলত বীমা কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পাবে উইম্বলডন কর্তৃপক্ষ। গত ১৭ বছর যাবত বীমার টাকা জমা দিয়ে গেছে এইএলটিসি। প্রতি বছর ২ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন আয়োজকরা। সে হিসেবে এ পর্যন্ত বীমা সংস্থাকে মোট ৩৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছেন তারা। তবে টুর্নামেন্ট বাতিল হওয়ায় ১৪১ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ পাবে এইএলটিসি। যা প্রদত্ত অর্থের চারগুণেরও বেশি।

পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামী ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত উইম্বলডনের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ফলে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে বাধ্য হয়ে টুর্নামেন্ট বাতিল করেন আয়োজকরা।

অবশ্য বীমার এই টাকা দিয়ে পুরোপুরি ক্ষতি পোষাবে না এইএলটিসির। এবারের আসর থেকে ৩১০ মিলিয়ন মার্কিন ডলার আয় হওয়ার কথা ছিল তাদের। তবে উইম্বলডন কর্তৃপক্ষ বীমা থেকে যে অর্থ ক্ষতিপূরণ পাচ্ছেন, সেটাই বা কম কি!

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!