ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ১২ মার্চ ২০২০
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে ব্রিটেন
ছবি: আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ সেনারা

প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালানোর পর শেষ পর্যন্ত দেশটি থেকে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। সম্প্রতি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষর হওয়া শান্তি চুক্তির আওতায় দেশটি এ ব্যবস্থা নিতে যাচ্ছে।

ব্রিটিশ ভিত্তিক পত্রিকা দ্য টাইমস জানিয়েছে, তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি অনুযায়ী আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে কয়েকশ ব্রিটিশ সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হবে।

বর্তমানে আফগানিস্তানে ১,১০০ ব্রিটিশ সেনা মোতায়েন করা রয়েছে। এসব সেনাদের বেশিরভাগই দেশটির রাজধানী কাবুল ও এর আশপাশে অবস্থান করছে। প্রথম পর্যায়ে আগামী গ্রীষ্মের শেষ নাগাদ মোট ৩৩০ ব্রিটিশ সেনা আফগানিস্তান ত্যাগ করবে। তবে দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশ সরকার বাকি সেনা সরিয়ে নেবে কি না সেটি নির্ভর করছে তালেবান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি কতখানি বাস্তবায়ন হচ্ছে তার ওপর।

এর আগে ২০০১ সালের শেষ নাগাদ ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে দেশটি দখল করে নেয়। তখন থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে ৪৫৬ ব্রিটিশ সেনা নিহত ও দুই হাজারের বেশি সেনা আহত হয়েছে।

সূত্র- পার্সটুডে, দ্য টাইমস

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!