অস্বস্তিকর অবস্থাতেই সন্ধ্যায় মুখোমুখি ভারত-শ্রীলংকা
বিভিন্ন বিধি-নিষেধ আর কড়াকড়ির মধ্য দিয়েই শুরু হচ্ছে ভারত ও শ্রীলংকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে দু'দল। গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
গত মাসে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল গুয়াহাটি। সরকারি হিসাব অনুযায়ী কার্ফিউ ভেঙে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে চার জনের মৃত্যুও হয়েছে। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও, পরিস্থিতি এখন বেশ সরগরম।
.png)
সরগরম অবস্থার জন্য ম্যাচের দু’দিন আগে থেকেই স্টেডিয়াম ঘিরে রেখেছে পুলিশ। তবে গুয়াহাটির পুলিশ কমিশনার মুন্নাপ্রসাদ গুপ্ত অন্য কথা বলছেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন, আমরা সে রকমই করেছি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। যে পরিমাণ নিরাপত্তারক্ষী রয়েছে, তাতে ম্যাচ আয়োজনে সমস্যা হবে না।’
এছাড়া মাঠে প্রবেশে বেশ কিছু নিয়ম-নীতি করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। নতুন বছরের প্রথম টি-২০ ম্যাচে পোস্টার, ফেস্টুন, স্কেচ পেন, রং, তুলি, মার্কার নিষিদ্ধ থাকছে। তবে মোবাইল ফোন, মানিব্যাগ ও গাড়ির চাবি সঙ্গে রাখতে পারবেন ম্যাচ দেখতে আসা দর্শকরা।
এমন অস্বস্তিকর অবস্থার মধ্যেও ভারত-শ্রীলংকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকেটের চাহিদা তুঙ্গে। ৩৯ হাজার ৪০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির এরইমধ্যে ৩৩ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে।
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াশ আইয়ার, মনিষ পান্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পান্ট, শিভম দ্যুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, রবিন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, নবদীপ সাইনি, জাসপ্রিত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।
শ্রীলংকা দল: লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপাকসে, ওশাদে ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশল মেন্ডিজ, লক্ষন সান্দাকান, কাসুন রাজিথা।