ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুল প্রশ্নে পরীক্ষা: হল সুপার বরখাস্ত, চার শিক্ষককে অব্যাহতি

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২০
ভুল প্রশ্নে পরীক্ষা: হল সুপার বরখাস্ত, চার শিক্ষককে অব্যাহতি
ফাইল ছবি

বরিশালে এসএসসির বাংলা প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষা ভুল প্রশ্নে নেয়ায় হল সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে চার শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড দুটি তদন্ত কমিটি গঠনের পর এ ব্যবস্থা নেয়া হয়। এর আগে সোমবার নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাময়িক বরখাস্ত হল সুপার হলেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম। অব্যাহতিপ্রাপ্তরা হলেন- একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদা বেগম, মো. সাইদুজ্জামান, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহানাজ পারভীন শিমু ও শেখ জেবুন্নেছা।

Advertisement

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস জানান, হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রশ্নের চারটি প্যাকেট পাঠানো হয়েছিল। এ চার প্যাকেটের মধ্যে দুইটি খোলা হয়েছে। সে হিসেবে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া পরীক্ষার্থীদের সংখ্যা ৪০ জনের বেশি হবে না।

তিনি আরো জানান, বোর্ডের পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আব্বাস উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন- বোর্ডের উপ-সচিব আব্দুর রহমান ও সেকশন কর্মকর্তা শহীদুল ইসলাম। এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বরিশালের ডিসি এসএম অজিয়র রহমান জানান, পরীক্ষা নেয়ার সময় সংশ্লিষ্ট হল সুপার ও চার পরিদর্শক দায়িত্ব পালনে অবহেলা করেছেন। এ কারণে তাৎক্ষণিক হল সুপারকে সাময়িক বরখাস্ত ও চার পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!