ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের অধিনায়ক নিয়ে যা জানালেন ফারুক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ৪ জানুয়ারি ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের অধিনায়ক নিয়ে যা জানালেন ফারুক
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়ক হন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েন। টেস্ট আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।

ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা শান্তকে নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘ইনজুরির কারণে জাতীয় দলের অধিনায়ক আপাতত দলের বাইরে থাকলেও সুস্থ হয়ে ফিরলে তাকে আবার নেতৃত্ব দেওয়া হবে।’

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ চলাকালীন তিনি প্রেসবক্সে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। ফারুক আহমেদ বলেন, ‘শান্ত দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে যদি ফিরে আসে, অধিনায়ক হিসেবে ফিরে আসবে। আমরা শুরু থেকেই মনে করেছিলাম সে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। এখন আমরা তার অধিনায়কত্ব না নেয়ার কোনো কারণ দেখছি না।’

Advertisement

তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার থেকে শান্তর টি-২০তে অধিনায়কত্ব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। ব্যাট হাতে নানা ব্যর্থতা এবং স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে যেন কিছুতে যাচ্ছেই না। ফরম্যাটটিতে স্থায়ীভাবে লিটন দাসের দলনেতা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির ভাষ্য, ‘লিটন দাস সাম্প্রতিক সফরে ভালো অধিনায়কত্ব করেছে। যদিও ব্যাট হাতে তার ফর্ম আশানুরূপ নয়, তবু তার নেতৃত্বের দক্ষতা ও ক্রিকেটীয় মেধা উল্লেখযোগ্য।’

‘অধিনায়কত্ব এবং ব্যাটিং ফর্মের মধ্যে সরাসরি সম্পর্ক নেই। লিটন দায়িত্ব পাওয়ার পর নিজেকে ভালোভাবে মেলে ধরেছে। আশা করি, সে খুব দ্রুত ফর্মে ফিরবে। টি-২০ অধিনায়ক নির্বাচনের সময় সে নিশ্চিতভাবেই বিবেচনায় থাকবে।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!