ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার কারণ জানাল বিসিসিআই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪
সাকিবকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার কারণ জানাল বিসিসিআই
সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পটভূমি বদলে হত্যা মামলার আসামি হওয়া টাইগার অলরাউন্ডারের দেশে ফেরাটা এখনো অনিশ্চিত। সেক্ষেত্রে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটাই হতে পারে তার শেষ টেস্ট। 

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন টেস্ট শুরুর আগেই জানিয়েছিল, সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। শেষ পর্যন্ত অবশ্য তা আর হচ্ছে না। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা সেটির কারণ ব্যাখ্যা করেছেন। টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা তামিম ইকবালের একটি মন্তব্যও তিনি সামনে আনেন। 

সোমবার সংবাদ সম্মেলনে রাজিব শুক্লা বলেন, সে আমাদের এমন কিছু জানায়নি যে এই টেস্ট দিয়েই অবসর নিচ্ছে। আমরা যতটা জেনেছি সে বাংলাদেশের মাটিতে খেলে অবসর নেবে। গতকাল তামিম এটাই বলল। তবে এখন সাকিবের সিদ্ধান্ত বদলেছে। হয়তো সে দেশে যাচ্ছে না। আমাদের তো আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। যদি তা না হয়, কোনো কিছু কীভাবে পরিকল্পনা করবো।

Advertisement

তামিম ধারাভাষ্য কক্ষে বলেছিলেন, এটা হতে পারে তার শেষ ম্যাচ। বাংলাদেশের দারুণ এক প্রতিনিধি। দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। টেস্ট, ওয়ানডে, টি-২০, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবখানেই পারফর্ম করেছে। দারুণ এক খেলোয়াড়।

কানপুর টেস্টের পঞ্চম দিন বাকি থাকায় সাকিবের বিদায়ের পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে কিনা, সেটাই দেখার বিষয়। আপাতত মনে হচ্ছে টেস্ট ক্রিকেটে তার চূড়ান্ত বিদায় একটি অপ্রত্যাশিত পরিবেশে ঘটবে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!