ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টাইগারদের নিয়ে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪
টাইগারদের নিয়ে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার 
বাংলাদেশ ক্রিকেট দল

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হওয়ার ব্যাপারে সতর্ক হওয়া দরকার বলে মনে করেন সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ক্রিকেটার পাকিস্তানের মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের উদাহরণ দিয়ে এই সতর্ক বার্তা দেন।

ভারতীয় দৈনিক মিড ডে তে লেখা কলামে গাভাস্কার লিখেছেন, ‘পাকিস্তানের মাটিতে খেলা দুটি টেস্ট ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল দেখিয়েছে যে তারা সমীহ করার মতো শক্তি। এমনকি বছর দুয়েক আগে ভারত যখন বাংলাদেশ সফর করেছিল, তখন বাংলাদেশিদের সামনে তাদের কঠিন লড়াই হয়েছিল। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে তারা ভারতের সঙ্গেও লড়তে চায়।’ 

দলীয়ভাবেও দারুণ এক মাইলফলকের হাতছানি আছে বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেই নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে ১৩ টেস্ট খেলে একবারও জয় পায়নি টিম টাইগার্স। 

Advertisement

লাল বলে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি টাইগাররা। টিম ইন্ডিয়ার পর প্রোটিয়াদের সঙ্গে দুটি টেস্ট থেলবে নাজমুল হোসেন শান্তর দল। তাদের হারাতে পারলে বাংলাদেশের মোট ১১ দেশের সঙ্গে টেস্ট জেতা হবে। 

গাভাস্কারের দাবি, তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে গড়া দলটি এখন আর কাউকে ভয় পায় না। তাই ভারতকে জয় নিশ্চিতে তিনি বাংলাদেশকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন।

‘তাদের ঝুলিতে কিছু ভালো এবং নতুন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় রয়েছে। বিপক্ষ দল নিয়ে যাদের আর ভীতি নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিকের তাদের সেই ভয়টা দেখা যেতো। এখন প্রতিটি দল জানে যে, তাদের হালকাভাবে নেয়া যাবে না।  পাকিস্তানের মতো তাদেরও হারতে হতে পারে। অবশ্যই সিরিজটা দেখার মতো হবে।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!