দলের বাকি ১৫ সদস্যই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী দলে ছিলেন। শরিফুলের মতো পেসার ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকায় অনেকের মনে প্রশ্ন জেগেছে। তবে তার বাদ পড়ার মূল কারণ ইনজুরি।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বোলিংয়ের সময়ই কুঁচকির চোটে পড়েন শরিফুল। যার ফলে পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টে খেলানো হয়নি তাকে। তার পরিবর্তেই টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক।
.png)
ভারত সফরকে কেন্দ্র করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতির শুরু থেকেই পুরোদমে বোলিং করছেন শরীফুল। কিন্তু জানা গেছে, ৫ থেকে ১০ ওভার বোলিং করার পর ব্যথা অনুভব করেন তিনি। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা।
এ বিষয়ে দল ঘোষণার পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেন, শরিফুলকে শতভাগ ফিট বলা যাবে না। আপনারা জানেন দ্বিতীয় টেস্টেই ও আনফিট ছিল। প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে ফলোআপের ভেতর রাখা হয়েছে। টেস্টের জন্য ১০০% ফিট বলবো না।
তিনি আরো বলেন, টেস্টে জানেন ১৫-২০ ওভার বোলিং করতে হয়। সামনে আমাদের টি-২০ খেলা রয়েছে। সাদা বলের ক্রিকেটে শরিফুল আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেহেতু শতভাগ ফিট না, আমরা সেই ঝুঁকির জায়গাটায় যেতে চাচ্ছি না। রিকভারি করতে পারলে ইনশাল্লাহ টি-২০ সিরিজে খেলতে পারবে।
সাধারণত শরিফুলের চোট ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা। শরিফুল ছাড়াও ভারত সফরে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদসহ চার পেসারকে রাখা হয়েছে। দেশের হয়ে এর আগে টি-২০ খেলেছেন জাকের।
জানা গেছে, সব ঠিক থাকলে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে আবারো ২২ গজে ফিরবেন শরিফুল। টি-২০ দলের সঙ্গে আগামী ২ অক্টোবর ভারত যাবেন তিনি। এই সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।