ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫, ২৩ জুন ২০২৪
আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ফাইল ছবি

নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে চলমান কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। এরই মাঝে ঘটেছে বর্ণবিদ্বেষের ঘটনা। যেখানে অভিযোগ আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে। ফলে তদন্তের মুখে পড়বেন আলবিসেলেস্তে সমর্থকরা।

কানাডার ফুটবলার মোইসে বম্বিটোকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার কোপা আমেরিকার প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং কানাডা। সেই ম্যাচে মোইসে ট্যাকল করেছিলেন মেসিকে। তারপর থেকেই কানাডার ফুটবলারকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হচ্ছে।

গতবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। তারা এবারের প্রতিযোগিতা শুরু করেছে কানাডাকে হারিয়ে। ২-০ গোলে জেতেন মেসিরা। সেই ম্যাচ ঘিরেই এখন বর্ণবিদ্বেষের অভিযোগ।

কানাডার ফুটবল সংস্থা এরই মধ্যে উত্তর এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার কাছে অভিযোগ জানিয়েছে। তারা ফিফার কাছেও যাবে বলে জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কোন অ্যাকাউন্ট থেকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে, তা চিহ্নিত করা হবে।

এদিন ৮২ মিনিটের মাথায় মেসিকে ট্যাকল করেছিলেন মোইসে। মেসির ডান গোড়ালিতে চোট লাগে। তবে তা খুব বড় কিছু নয়। সাইডলাইনে গিয়ে শুশ্রূষা করে আবার মাঠে ফিরে আসেন মেসি। পুরো ম্যাচ খেলেন তিনি।

শনিবার ভোরে কোপা আমেরিকায় মুখোমুখি হয় চিলি এবং পেরু। দু’টি দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। এটাই তাদের প্রথম ম্যাচ ছিল এ বারের কোপায়। এই গ্রুপেই রয়েছে আর্জেন্টিনা এবং কানাডা।

পেরুর পরের ম্যাচ কানাডার বিরুদ্ধে। ২৬ জুন হবে সেই ম্যাচ। চিলির পরের ম্যাচ আর্জেন্টিনার বিরুদ্ধে। সেটাও হবে একই দিনে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!