আবারো কোচ হলেন ডমিঙ্গো
২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব ছেড়েছিলেন রাসেল ডমিঙ্গো। এরপর নেদারল্যান্ডের খণ্ডকালীন কোচ হিসেবে কাজ করেছেন। তারপর কাজ না পাওয়ায় অবসরে দিন কাটছিলো তার। অবশেষে নতুন চাকরি পেয়েছেন এ প্রোটিয়া কোচ।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাসেল। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তিনি।
ডিপি ওয়ার্ল্ড লায়ন্স দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ ও সীমিত ওভার ক্রিকেটে অংশ নিয়ে থাকে। আগামী ১ জুলাই আফ্রিকান ক্লাবটির দায়িত্ব বুঝে নিবেন টাইগারদের সাবেক এ কোচ।
.png)
ক্লাবটির সঙ্গে চুক্তির পরে তিনি বলেন, ‘নিজের দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আমি দায়িত্ব বুঝে নেয়ার জন্য অপেক্ষা করছি।’
২০১৯ সালে সাকিব-তামিমদের দায়িত্ব নেন ডমিঙ্গো। দুই বছরের চুক্তি শেষে আরো দুই বছরের চুক্তি নবায়ন করা হয় তার সঙ্গে। তবে বাংলাদেশ দলের পারফরম্যান্সে অবনতি ও দলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে সমালোচনার জেরে ২০২২ সালের শেষ দিকে পদত্যাগ করেন তিনি।
প্রসঙ্গত, ডমিঙ্গোর অধীনে ২২ টেস্ট খেলে ১৭টিতেই হারে বাংলাদেশ, জেতে মাত্র ৩টিতে। এছাড়া ৫৯ টি–২০তে জয় ছিল ২৩টি, হার ৩৫টিতে। তবে ওয়ানডেতে সাফল্যের হারই ছিল বেশি, ৩০ ম্যাচের ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল।