ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনয়, সংগীতের পরিচিত মুকুল জামিল আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিনয়, সংগীতের পরিচিত মুকুল জামিল আর নেই
ছবি: সংগৃহীত

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অভিনয় ও সংগীত—দুই অঙ্গনেই পরিচিত মুখ মুকুল জামিল। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে আকস্মিকভাবে তিনি মারা যান।

তার মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন দুই অঙ্গনের অনেক শিল্পী ও সহকর্মী।

মুকুল জামিলের মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।

মুকুল জামিলকে স্মরণ করে সংগীতশিল্পী মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তার প্রিয় ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, তা তার জন্য অত্যন্ত কষ্টের। দেখা হলেই মুকুল জামিল তাকে বুকে জড়িয়ে ধরতেন এবং কপালে চুমু দিতেন বলেও জানান তিনি।

মিলন আরও লেখেন, মুকুল জামিল ছিলেন একজন সংগীতশিল্পী। তবে তার ‘সেলফি’ গান দিয়ে প্রথমবার মজার ছলে তাকে মডেল হিসেবে নেওয়া হয়েছিল। এরপর মিলনের আরও অনেক গানে মুকুল জামিলকে অভিনেতা হিসেবে দেখা গেছে।

ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল মুকুল জামিলের। তার বোনের হাত ধরেই সংগীতজগতে পথচলা শুরু হয় তার।

দীর্ঘ সংগীতজীবনে ৩০টির বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন মুকুল জামিল। পাশাপাশি প্রকাশিত হয়েছে তার একক অ্যালবাম ‘আমি তো এমনই’।

তার বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তার ‘চায়ের চুমুকে’ গানটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতার পরিচয় দেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪)-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!