ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোচ হিসেবে তাইবুকে পাচ্ছেন সাকিব-সোহানরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১১, ১১ নভেম্বর ২০২২
কোচ হিসেবে তাইবুকে পাচ্ছেন সাকিব-সোহানরা
তাতেন্দা তাইবু

খেলোয়াড়ি জীবনে অনেকবারই সাকিব আল হাসানদের মুখোমুখি হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তিনি। এই মৌসুমে বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে তাইবুকে দেখা যাবে।

টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরে আবুধাবিতে নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স।

এরপর বাংলা টাইগার্স দলে ভেড়ায় তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও। এছাড়া আগে থেকেই সাকিব আল হাসান ছিলেন দলটির আইকন ক্রিকেটার। বাংলাদেশী মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার আফতাব আহমেদ।

দলের মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সবশেষ গতকাল বৃহস্পতিবার দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু।

বৃহস্পতিবার বাংলা টাইগার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!