ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ক্যাচ ধরার ব্যর্থতা খেলোয়াড়দের, আর কারো দায় নেই: পাপন 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭, ৬ মার্চ ২০২২
ক্যাচ ধরার ব্যর্থতা খেলোয়াড়দের, আর কারো দায় নেই: পাপন 
নাজমুল হাসান পাপন

টি-২০ বিশ্বকাপে ক্রিকেটারদের ক্যাচ ধরার ব্যর্থতায় চাকরি হারান ফিল্ডিং কোচ রায়ান কুক। এরপর টাইগারদের ফিল্ডিং নিয়ে কাজ করেন দেশের দুই কোচ। কিন্তু ফলাফল একই। এমতাবস্থায় ক্যাচ তালুবন্দী করতে না পারার দায় খেলোয়াড়দেরই দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দৃশ্যমান ছিল টি-২০ দলের ক্যাচ মিসের মহড়া। পাপন মনে করেন, ক্যাচ হাতছাড়া কিংবা অন্যান্য ব্যর্থতার পেছনে কোচিং প্যানেলের কোনো দোষ নেই। এসব সমস্যা সমাধানে খেলোয়াড়দের আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পাপন বলেন, ‘ফিল্ডিং কোচ (রায়ান কুক) বিদেশ থেকে আনা হল, আমাদের জানামতে খুবই ভালো। তারপরও সবাই মনে করল ফিল্ডিং কোচ বদল করা দরকার। দেশের কোচরা নাকি আরো ভালো। এখন দেশি কোচ দিয়েছি। তাহলে সমস্যাটা কোথায়? আপনারা এগুলো কেন বলছেন জানি না। কোনো মানে হয় না।’

আন্তর্জাতিক ক্রিকেটে একজন ক্রিকেটারকে ক্যাচ ধরা শেখানোর সুযোগ কোচদের কাছে কতটা থাকে তাও বড় প্রশ্ন বটে। পাপনও সেদিকে ইঙ্গিত করে বললেন, ‘একজন খেলোয়াড় সাধারণ ক্যাচ ধরতে পারবে, এটা সবাই ধরে নেয়। কোচ বা ম্যানেজমেন্টকে এখানে জড়ানো অনর্থক।’

তিনি আরো বলেন, ‘আজকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দেখে মনে হয়েছে জেতার মত স্পিরিট, মনোযোগ ছিল না; একদম প্রথম থেকেই। আমি সুজনকে বলেছি সবার সাথে কথা বলতে। এই পারফরম্যান্স তো মেনে নেয়ার মত না।’

পাপন যোগ করেন, ‘আজকে যে ক্যাচ ছেড়েছে সেই দেখুন গত ম্যাচে ভালো ক্যাচ ধরেছে। মিস হতেই পারে। কিন্তু একদিনে যদি এত মিস হয়, তখন তো হারা ছাড়া পথ নেই। এমন সহজ ক্যাচ ফেলা দেখতেও খুব বাজে লাগে। মনেই হচ্ছিল না ওরা খেলার মধ্যে আছে।’

তবে ক্যাচ ছাড়ার কারণে ম্যাচ হারার নজির এবারই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে বহুবার। পাপন বলেন, ‘ক্যাচ ড্রপের জন্য বিশ্বকাপেও ২-১টা ম্যাচ হেরেছি। এখানে আমাদের আরো অনেক উন্নতি করতে হবে।’

বিসিবি সভাপতি এরপর বলেন, ‘যে সুযোগগুলো আমাদের আসে সেগুলো যদি হাতছাড়া করি তাহলে তো কারো সাথে কোনো ম্যাচই জেতা যাবে না। আমাদের দুর্বলতা আমরা জানি। কিন্তু আরো ভেতরে, বিশদভাবে কাজ করা দরকার।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!