স্কটল্যান্ডের কাছে হারে ক্ষেপেছেন পাপন
আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিসিবি বস জানান, এই পরাজয় অকল্পনীয়।
র্যাংকিংয়ে স্কটল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। এমনকি শক্তিমত্তা বা অভিজ্ঞতার দিক থেকেও যোজন যোজন এগিয়ে টাইগাররা। তবে স্কটল্যান্ডের দাপুটে ক্রিকেটের কাছে দল যেভাবে পরাজয় বরণ করেছে, তাতে যেন ধাক্কা লেগেছে বিশ্বকাপ স্বপ্নেই।
হারের বিষয়টি মেনে নিতে পারছেন না পাপনও। তার মতে, এই ম্যাচ থেকে দলের কোনো প্রাপ্তিই নেই। ওমানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘এটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন। ভালো বলার মত কিছু নাই। হারার মধ্যেও ভালো কিছু প্রাপ্তি থাকে। এখানে পুরোটাই লস।’
স্কটল্যান্ডের কাছে পরাজয় কোনোক্রমেই মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘পুরো ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। কখনও চিন্তাও করা যায়নি আমরা স্কটল্যান্ডের কাছে এই ম্যাচ হারতে পারি।’
স্কটল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠার সমীকরণ অনেক কঠিন হয়ে গেছে। এ বিষয়ে পাপনের মন্তব্য, ‘এর আগে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের কাছে প্র্যাকটিস ম্যাচ হেরেছি। যদিও হারা উচিৎ হয়নি, তারপরও মনে হয়েছে নিয়মিত কয়েকজন খেলোয়াড় নেই এজন্য এমন হতেই পারে।’
বিসিবি সভাপতি যোগ করেন, ‘কাল তো এই সমস্যা ছিল না। তামিম ছাড়া পুরো দলই খেলেছে। এভাবে হেরে যাব এটা চিন্তায়ও আসেনি। চিন্তাও করিনি স্কটল্যান্ডের কাছে হারতে পারি।’