ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মুশফিকের এমন সিদ্ধান্তের কথা সতীর্থরাও জানতেন না
মুশফিকুর রহিম আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন। আজ বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তার অবসরের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তবে দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকা সত্ত্বেও নিজের এই বড় সিদ্ধান্তের কথা কাউকেই টের পেতে দেননি মুশফিক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পোর্ট এলিজাবেথে অবস্থান করছে। সেখানে বিমানবন্দরে পৌঁছেই মুশফিকের অবসরের খবর পান নাফিস ইকবাল। দলের সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সফরজুড়ে মুশফিকের আচরণে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি বলে জানিয়েছেন জাতীয় দলের এই ম্যানেজার।
পোর্ট এলিজাবেথ বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাফিস ইকবাল বলেন, ‘আমি ওই নিউজে দেখলাম যেটা, ওইভাবে কথা হয়নি। সো আমার মনে হয় বোর্ড প্রেসিডেন্ট এটার ঘোষণা দিয়েছে।’
সফরের মধ্যে মুশফিক এমন কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন কি না—এমন প্রশ্নে নাফিস সরাসরি জানান, ‘না, এরকম কোনো কিছু আমার সঙ্গে শেয়ার করেনি।’
দক্ষিণ আফ্রিকা সফরে প্রতিদিন সকালে মুশফিকের সঙ্গেই নাশতার টেবিলে বসতেন নাফিস। কিন্তু সেই আড্ডাতেও বিদায়ের কোনো আভাস দেননি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। নাফিস বলেন, ‘ও সব সময়ই আমার সকালের নাশতার সঙ্গী ছিল। আমরা কয়েকজন একটু আগেভাগে নাশতা করি; ও, তাইজুল, মুমিনুল—আমরা একসঙ্গে থাকতাম। আমাদের যেভাবে রুটিন ছিল, যতদিন একসঙ্গে ছিলাম সেভাবেই সব চলছিল। সবকিছুই বেশ স্বাভাবিক ছিল। হাসি-ঠাট্টা, আলাপ-আলোচনা যা হওয়ার, মাঠের বাইরের যেসব কর্মকাণ্ড থাকে, সবই স্বাভাবিক ছিল।’
সফরজুড়ে স্বাভাবিক থাকা সতীর্থের এমন আকস্মিক বিদায়ের খবরে কিছুটা আবেগাপ্লুত নাফিসও। তিনি বলেন, ‘আমরা আবেগপ্রবণ জাতি। যেকোনো বিদায়ই তো স্বাভাবিক, একটু আবেগ কাজ করে। দেশের জন্য সে অনেক কিছু দিয়েছে। সে যে নিবেদন ও দৃঢ়প্রতিজ্ঞার উদাহরণ তৈরি করে গেছে, তা বাংলাদেশ ক্রিকেটে সব সময়ই থাকবে।’
এর আগে ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। তবে এবার তার অনুরোধেই বিসিবি সভাপতি তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তটি জানান। আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটিই হবে মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই নাফিস ইকবালের সঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের।