ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আগুন দিল মিরপুরে আরও এক বাসে
রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে আগুন দেওয়া হয় বাসটিতে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জানা গেছে, ভাষানটেক থানাধীন মিরপুর-১৪ এলাকার টিনশেড বিল্ডিংয়ের বিপরীত পাশে সড়কে দাঁড়িয়ে থাকা চামড়া বন্দর এক্সপ্রেসের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে একই দিন রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।