ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন নয়্যার মৌসুম শেষে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৬, ৩০ নভেম্বর ২০২৬
ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন নয়্যার মৌসুম শেষে
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে আর দেখা যাবে না জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে। চলতি ২০২৬-২৭ মৌসুম শেষে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই কিংবদন্তি গোলরক্ষক।

আগামী মে মাসে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই গ্লাভসজোড়া তুলে রাখার কথা ভাবছেন ৪০ বছর বয়সী এই তারকা।

স্থানীয় সময় রোববার জার্মানির আলটোমুনস্টার শহরে বায়ার্ন মিউনিখের একটি ফ্যান ক্লাব পরিদর্শনের সময় তিনি ভক্তদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

ঐতিহ্য অনুযায়ী বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা প্রতি বছর বিভিন্ন ফ্যান ক্লাবে গিয়ে সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।

সেখানে উপস্থিত সমর্থক ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নয়্যার জানান, চলতি মৌসুম শেষেই (২০২৭ সালের গ্রীষ্মে) তার ক্যারিয়ার শেষ হতে চলেছে বলে তিনি মনে করছেন। ওই অনুষ্ঠানে স্কাই স্পোর্ট জার্মানি এবং জার্মান দৈনিক বিল্ড-এর সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

নিজের অবসরের পরিকল্পনা নিয়ে নয়্যার বলেন, ‘আমার ধারণা, এই গ্রীষ্মের পর আর খেলা চালিয়ে যাব না। বাকি সময়টা উপভোগ করার চেষ্টা করছি।’

তিনি জানান, গত মৌসুম শেষেই তিনি অবসর নেওয়ার জন্য প্রায় প্রস্তুত ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত গ্রীষ্মেই আমি অবসরের জন্য ৮৫ শতাংশ প্রস্তুত ছিলাম। কিন্তু বায়ার্নের দারুণ পরিবেশ আমাকে আরও এক বছর খেলা চালিয়ে যেতে উৎসাহিত করেছে।’

বায়ার্ন মিউনিখে থেকে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের দারুণ একটি দল আছে এবং কোচিং স্টাফ ও পেছনের সবার মধ্যে জেবেনার স্ট্রাসে-তে (বায়ার্নের ট্রেনিং গ্রাউন্ড) এখন যে পরিবেশ বিরাজ করছে, তা আগে কখনো এত ভালো ছিল না। এখানে থাকাটাই আনন্দের, আর এই দলের খেলোয়াড়দের সঙ্গে খেলতে আমি সত্যিই উপভোগ করি।’

২০১১ সালে শালকে থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন নয়্যার। তার নেতৃত্ব ও অসাধারণ গোলরক্ষক দক্ষতায় জার্মান ক্লাবটি ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে একাধিক শিরোপা জিতেছে। বায়ার্নের হয়ে একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদও পেয়েছেন তিনি।

আধুনিক গোলরক্ষকের ভূমিকা বদলে দেওয়ার ক্ষেত্রে নয়্যারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। গোলপোস্ট সামলানোর পাশাপাশি বক্সের বাইরে এসে বল নিয়ন্ত্রণ, আক্রমণ গড়ে তোলা এবং প্রয়োজনে একজন অতিরিক্ত ডিফেন্ডার বা মাঠের খেলোয়াড়ের মতো ভূমিকা রাখার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার খেলার ধরন পরবর্তী প্রজন্মের গোলরক্ষকদের জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে।

এর আগে ইউরো ২০২৪ শেষে জার্মানির জাতীয় দল থেকেও অবসর নেন নয়্যার। এবার ক্লাব ফুটবল থেকেও বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!