ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কূটনীতির বন্ধন ফুটবল মাঠে: ঢাকায় হচ্ছে ৭ম ফুটবল ফেস্ট
ফুটবল মাঠে এক হবে ৩৭টি দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। খেলাকে কেন্দ্র করে গড়ে উঠবে আন্তর্জাতিক বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন। এ লক্ষ্য নিয়ে ঢাকায় আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘৭ম এম্ব্যাসি ফুটবল ফেস্ট ২০২৬’। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে গেমপ্লে লিমিটেড।
রাজধানীর আগা খান স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে এবারের আসর। এতে ঢাকায় অবস্থিত ৩৭টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। টুর্নামেন্টের সূচি, অংশগ্রহণকারী দলগুলোর পরিচিতি এবং ট্রফি উন্মোচন উপলক্ষে সম্প্রতি আয়োজিত হয়েছে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান। এতে অতিথিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
আয়োজকদের মতে, এম্ব্যাসি ফুটবল ফেস্ট বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য স্পোর্টস ডিপ্লোম্যাসি উদ্যোগ। আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বাইরে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
ছয়টি আসর পেরিয়ে এম্ব্যাসি ফুটবল ফেস্ট এখন আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফুটবলের প্রতিযোগিতামূলক আবহের পাশাপাশি এ আয়োজন বিভিন্ন দেশের সংস্কৃতি, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ উদযাপনের সুযোগ তৈরি করছে। বিশ্বজুড়ে শান্তি, ঐক্য ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিরা।
এবারের টুর্নামেন্টকে প্লাস্টিকমুক্ত রাখার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। পরিবেশ সুরক্ষা ও টেকসই আয়োজনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এতে ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এবারের আসরকে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিকমুক্ত টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম, সৌদিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালমান এ. আলালি ও জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, ব্রাদার্স ফার্নিচারের পরিচালক শরীফুজ্জামান সরকার, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বাংলাদেশস্থ কূটনৈতিক মিশনের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হুসেইন হায়দার আলী জিওয়ানি, আগা খান এডুকেশন সার্ভিসেস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সালিমাহ কাসাম এবং ইয়ামাহা মিউজিকের সহকারী ব্যবস্থাপক পার্থ প্রতিম সরকার।
এবারের আসরে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত রয়েছে ৩৭টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থা। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ (পররাষ্ট্র মন্ত্রণালয়), ভুটান, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, মিশর, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইরাক, ইতালি, জাপান, লিবিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, রাশিয়া, সৌদি আরব, সুইডেন, তুরস্ক, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউএনএইচসিআর, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বিশ্বব্যাংক।
আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় আগা খান স্কুলের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম দিন গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পরদিন নকআউট পর্ব ও ফাইনাল শেষে বিকেল ৪টায় হবে সমাপনী অনুষ্ঠান।
৭ম এম্ব্যাসি ফুটবল ফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর সৌদিয়া এবং পাওয়ার্ড বাই ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। কো-স্পন্সর হিসেবে রয়েছে ব্রাদার্স ফার্নিচার, আরআর ক্যাবল, মধুমতি ও প্রিমিয়াম হোমস লিমিটেড। পার্টনার হিসেবে যুক্ত হয়েছে আবুল খায়ের, আগা খান একাডেমি ও কন্টিনেন্টাল হাসপাতাল।
এ ছাড়া মিডিয়া পার্টনার নাগরিক, কনটেন্ট পার্টনার নাগরিক প্রতিদিন, ডিজিটাল পার্টনার আলাপ, প্রিন্ট পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস), সাউন্ড পার্টনার ইয়ামাহা এবং ডেইলি এসেনশিয়ালস পার্টনার ইউনিমার্ট।
আয়োজক প্রতিষ্ঠান গেমপ্লে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, অংশগ্রহণকারী কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থা, স্পন্সর, পার্টনার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের আয়োজন আন্তর্জাতিক বন্ধুত্ব ও সম্প্রীতির স্মরণীয় উদযাপনে পরিণত হবে।