ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে সন্ধ্যার পর বাসে আগুন: ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
ব্যস্ততম রাজধানীর নর্দা এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক সময়ে সাত স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি।
বাসে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, রোববার রাত ১০টা ২৭ মিনিটে নর্দা এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পায় তাদের নিয়ন্ত্রণকক্ষ। পরে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘রাজধানীর নর্দা এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।’
এদিকে রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।
রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, ‘মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।’
রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, ‘আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।’
অন্যদিকে রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানাধীন নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘নাভানা টাওয়ারের সামনে ও সাংবাদিক প্লটের সামনে দুর্বৃত্তরা পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
এ ছাড়া সন্ধ্যার পর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের সামনে, আফতাবনগর পাসপোর্ট অফিসের সামনে, মালিবাগে সোহাগ পরিবহনের সামনে এবং মালিবাগ রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।