ভবিষ্যৎ যত খারাপ ভেবেছিলাম তত খারাপ না: পাপন
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই এক শঙ্কা ছিল, সিনিয়র ক্রিকেটাররা অবসর নিলে এরপর দলের কি হবে। তামিম-সাকিব-মুশফিকদের সময় শেষের দিকে হওয়ায় দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ভবিষ্যৎ যত খারাপ ভেবেছিলেন তত খারাপ না বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পুরনো এক সাক্ষাৎকার নতুন করে ছড়িয়ে পড়েছে। যেখানে তামিম বলছেন, সিনিয়ররা পারফর্ম করতে ব্যর্থ হবেন এমন একটি দিনে দুইজন জুনিয়র ক্রিকেটার পারফর্ম করে জেতাবেন- এটা আমাদের ক্রিকেটে সবচেয়ে বেশি দরকার। আর বাংলাদেশের ক্রিকেটে সেই দিনের দেখা যেন মিলেছে ২৩ ফেব্রুয়ারি।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ২১৬ রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। লিটন দাস ও ইয়াসির আলীর সঙ্গে সাজঘরে ফিরেছিলেন চার অভিজ্ঞ সিনিয়র তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
তাদের বিদায়ে দল ছিল নিশ্চিত হারের মুখে। তবে ঐ পরিস্থিতি থেকে পাল্টা লড়াইয়ের মাধ্যমে দলকে অবিস্মরণীয় জয় এনে দেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। দুজনে গড়েন ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি।
তরুণদের এভাবে দায়িত্ব নিতে দেখে স্বস্তি পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাদের এমন পারফর্ম দেখে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতাও দূর হয়েছে তার। পাপন বলেন, ‘যে দৃঢ়তা, যে বিশ্বাস দুই তরুণ দেখিয়েছে এটা অসাধারণ। নতুন প্রজন্মের খেলোয়াড় জন্য এটা ভালো। ভবিষ্যৎ যত খারাপ ভেবেছিলাম তত খারাপ না। এটা আমাদের জন্য খুশির খবর, বিপদ থেকে বাঁচার খবর। এটা সমূহ বিপদ থেকে উদ্ধার।’
ম্যাচের পরিস্থিতি বিচারে আফিফ ও মিরাজ যেভাবে খেলেছেন তাতে মুগ্ধ পাপন। তার ভাষায়, ‘ওরা বলের মেরিট অনুযায়ী খেলেছে। কোনো বাজে শট খেলেনি বা খুব আগ্রাসী খেলেছে এমনও নয়। যখন যেটা মারার মেরেছে। এটাই তো ক্রিকেট।’