ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বাদ জাহানারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩, ৮ জানুয়ারি ২০২২
শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বাদ জাহানারা
জাহানারা আলম

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে আজ (শনিবার) দেশ ছাড়বে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জাহানারা আলম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। সেখানেই দেখা যায় মূল স্কোয়াডে নেই জাহানারার নাম। তবে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাকে।

এদিকে বোর্ড থেকে অনুষ্ঠানিকভাবে কিছু না বললেও জানা গেছে, সবশেষ জিম্বাবুয়ে সফরে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন জাহানারা। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে কোচ, সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করেছেন তিনি। তারই খেসারত দিতে হয়েছে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের দলে জায়গা হারিয়ে।

যদিও জিম্বাবুয়েতে গিয়ে বেশ উজ্জ্বল ছিল জাহানারার পারফরম্যান্স। ছয় ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর মধ্যে ২ ম্যাচে নিয়েছিলেন ৩টি করে উইকেট।

এক নজরে আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড:

নিগার সুলতানা জোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।

স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!