ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
জেরুজালেমে প্রীতি ম্যাচ খেলবে না বার্সেলোনা
রাজনৈতিক কারণে জেরুজালেম ইসরায়েলি প্রিমিয়ার লিগের ক্লাব বেইতার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে না বলে জানিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। জেরুজালেমে আগামী ৪ আগস্ট প্রীতি ম্যাচট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে বার্সা ‘রাজনৈতিক উদ্দেশ্য’ থেকে জেরুজালেমে খেলতে রাজি হয়নি।
ক্লাবটির মালিক মোশে হোজেজ ফেসবুকে এক পোস্টে জানান, ‘বার্সেলোনার সঙ্গে ম্যাচটি বাতিল করতে বাধ্য হচ্ছি’।
হোজেজ তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, ‘শহরটির প্রতি ভালোবাসা থেকে ক্লাবটি কিনেছিলাম। এখন রাজনৈতিক কারণে আমি যদি জেরুজালেমে ক্লাবকে না খেলাই, তাহলে নিজের আদর্শের জায়গা থেকে সরে আসা হবে’।
এদিকে এএফপিকে বার্সার সূত্র জানিয়েছে, প্রাক্-মৌসুম প্রীতি ম্যাচের জন্য তাদের বেশ কিছু পরিকল্পনা আছে। কিন্তু জেরুজালেমে বেইতারের সঙ্গে যে ম্যাচের কথা বলা হচ্ছে, সেটি আনুষ্ঠানিকভাবে কখনো নিশ্চিত করা হয়নি।
বেইতার ছয়বার ইসরায়েলি চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং তাদের সমর্থকদের একটা অংশ নিয়মিত আরব খেলোয়াড়দের দুয়ো দিয়ে থাকে। যদিও ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি তারা ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। ২০১৭ সালে তারা বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রেসিডেন্ট রিউভিন রিভলিন পদক জিতেছে।
মুক্তিকামী ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিন ফুটবল ফেডারেশন জেরুজালেমে ম্যাচ হতে দিতে রাজি নয়। এদিকে জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে থাকে ইসরায়েল।
১৯৬৭ সালে ছয় দিনব্যাপী যুদ্ধের পর জেরুজালেমের পূর্ব অংশ দখল করে ইসরায়েল এবং তাদের রাষ্ট্রের সঙ্গে অঞ্চলটি সংযুক্ত করা হয়। যদিও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃতি পায়নি।
শহরটির পশ্চিম অংশে টেডি স্টেডিয়ামে বার্সার সঙ্গে এই প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বেইতার।