গম্ভীরের ‘এক টাকার ক্যান্টিন’
বর্তমান সময়ে এক টাকার দাম কেউই দেয় না। তবে কেউ না দিলেও ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীরের কাছে এই এক টাকারই দাম অনেক। করোনার ঊর্ধ্বগতিতে ভারত ভয়াবহ সময় পার করছে। অর্থের অভাবে খাবার সংকটে ভুগছেন অসংখ্য মানুষ। এমন সময়ে ‘এক টাকার ক্যান্টিন’ নামে উদ্যোগ নিয়েছেন গম্ভীর।
করোনা মহামারিতে ভারতের অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছেন। বিশেষ করে যারা দিন এনে দিন খায়, তারাই বড় বিপাকে পড়েছেন।
দিল্লিতে এই পরিস্থিতি চূড়ায় গিয়ে পৌঁছেছে। ফলে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনার। যারা খাবারের কষ্টে আছেন, তাদের জন্যই মূলত দিল্লিতে এক টাকার ক্যান্টিন চালু করা হয়েছে।
.png)
চলতি বছরের শুরুর দিকে পূর্ব দিল্লির গান্ধীনগরে ‘জন রসুই’ নামে এক টাকার ক্যান্টিন চালু করেছিলেন গম্ভীর। সেখানে বেশ সাড়া পাওয়ায় পূর্ব দিল্লির পর অশোক নগরে এর দ্বিতীয় শাখা চালু করেছেন তিনি। দুটি ক্যান্টিনই সাধারণ মানুষদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে গম্ভীর বলেন, স্বাস্থ্যকর খাবার খাওয়া সবার অধিকার। সে কোন ধর্মের বা বর্ণের সেটা বিষয় নয়। গৃহহীন, অসহায় মানুষরা দুই বেলা খাবার পায় না। আমাকে এটা খুব কষ্ট দেয়। এসব থেকেই এমন কিছু করার প্রয়াস।