ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

ফের করোনা পজিটিভ ঋদ্ধিমান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ১৫ মে ২০২১
ফের করোনা পজিটিভ ঋদ্ধিমান
ঋদ্ধিমান সাহা

করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর ফের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। এর ফলে তার অসমাপ্ত আইসোলেশন দীর্ঘায়িত হতে পারে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে গত ৫ মে সানরাইজার্স হায়দরাবাদের জৈব সুরক্ষা বলয়ে ঋদ্ধিমানের শরীরে করোনা ধরা পড়ে। এরপর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। অন্যদিকে স্থগিত হয়ে যায় আইপিএল।

আইসোলেশনে থাকাকালেই এর আগে করা কোভিড-১৯ টেস্টে ঋদ্ধিমানের ফলাফল নেগেটিভ এসেছিল। পরের টেস্টে নেগেটিভ এলেই ছাড়া পাবেন- এমন প্রত্যাশা থাকলেও তিনি দ্বিতীয় পরীক্ষার ফলাফল দেখতে পান পজিটিভ।

ঋদ্ধিমান আবারো করোনা পজিটিভ হওয়ায় তার ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় সবাইকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ঋদ্ধিমান।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার আইসোলেশন এখনো শেষ হয়নি। রুটিন চেকআপের জন্য আমার দুটি টেস্ট করানো হয়েছে। যার মধ্যে একটি পজিটিভ এসেছে, অন্যটি নেগেটিভ। আমি আগের চেয়ে ভালোই আছি। সবার কাছে অনুরোধ করছি, পুরোটা না জেনে দয়া করে ভুল তথ্য বা গল্প পরিবেশন করবেন না।’

এদিকে কোথাও কোথাও চাউর হয়েছিল, ইংল্যান্ড সফরে ঋদ্ধিমানের যাওয়া হচ্ছে না। ঋদ্ধিমানের স্ত্রী রোমি সাহা এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ঋদ্ধি এখন অনেক ভালো আছে। সে পুরোপুরি সুস্থ হওয়ার পথে। একটি খবর সামনে এসেছে যে ঋদ্ধি নাকি তার আইসোলেশন শেষ করার পরও পজিটিভ। কিন্তু এটা সত্যি নয়।’

তিনি আরো বলেন, ‘ওর আইসোলেশন এখনো শেষ হয়নি। রুটিন চেকআপের অংশ হিসেবে টেস্ট দুটি করা হয়েছিল, যার মধ্যে একটি পজিটিভ ও অন্যটি নেগেটিভ এসেছে। ব্যস এটাই। দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না। ও ইংল্যান্ডে যাবে। ’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!